Logo Logo

ভোলার লালমোহনে ইয়াবা ও জাল টাকাসহ আটক- ১


Splash Image

ভোলার লালমোহনে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও বিপুল পরিমাণ জাল টাকাসহ মো. শাহাবুদ্দিন (৪২) নামে এক আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার কালমা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিন কালমা ইউনিয়নের চরলক্ষ্মী এলাকার মৃত নুর ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ভোলা জেলার বিভিন্ন থানায় মাদক ও অস্ত্রসহ অন্তত ৮টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষের নির্দেশনায় এসআই আসাদুজ্জামান খান ও সঙ্গীয় ফোর্স কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণাধীন ভবনের পাশে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শাহাবুদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর শাহাবুদ্দিনের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ হাজার টাকা মূল্যমানের জাল নোট, নগদ ৬০ হাজার ৬৫০ টাকা, একটি আইফোন (মডেল 16 Pro Max), একটি অপ্পো মোবাইল ফোন (মডেল Reno 12 F), একটি ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড এবং একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিন একজন চিহ্নিত আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...