Logo Logo

কর্ণফুলীতে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত


Splash Image

দেশব্যাপী হাম ও রুবেলা সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন (এমআর)। এই কর্মসূচি সফল করতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ মে পর্যন্ত উপজেলা পর্যায়ে এই ক্যাম্পেইন অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজিব কান্তি রুদ্র। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসাম্মৎ জেবুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সমন্বয় সভায় জানানো হয়, ৬ মাস থেকে শুরু করে ৫ বছর বয়সী সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় এক ডোজ হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হবে। বিশেষ গুরুত্বের সাথে জানানো হয় যে, যে সকল শিশু ইতোপূর্বে ৯ মাস ও ১৫ মাস বয়সে নিয়মিত এমআর টিকা গ্রহণ করেছে, তারাও এই বিশেষ ক্যাম্পেইনের অধীনে পুনরায় টিকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকা গ্রহণের প্রক্রিয়া সহজ ও সুশৃঙ্খল করতে অভিভাবকদের নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্ম “VaxEPI”-তে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন শেষে টিকা কার্ডটি ডাউনলোড করে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল অভিভাবককে নির্ধারিত তারিখে নিকটস্থ টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে শিশুদের এই জীবন রক্ষাকারী টিকা নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাপক ভিত্তিক এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হলে দেশে হাম ও রুবেলা সংক্রমণের ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...