বিজ্ঞাপন
শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে অলিপুর এলাকার কবিরহাট-সোনাপুর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমা বেগম অশ্বদিয়া ইউনিয়নের বাসিন্দা মো. বাচ্চুর স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ দিন ধরে স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করে আসছিলেন। কয়েক দিন আগে সপরিবারে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে শ্বশুরবাড়ি থেকে স্থানীয় একটি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন নাজমা। অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর নাজমা বেগমকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার পরপরই চালক গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম চন্দ্র ভট্টাচার্য জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি প্রাথমিকভাবে পুলিশকে কেউ জানায়নি। তবে খবর পাওয়ার পর পুলিশ ঘটনার খোঁজখবর নিতে শুরু করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...