বিজ্ঞাপন
এই যোগদান উপলক্ষে আজ রোববার দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এনসিপি সূত্রে জানা গেছে, আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক দুই সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিচ্ছেন। তাদের সাথে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হকও দলটিতে যুক্ত হচ্ছেন।
পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বড় অংশ এনসিপিতে যোগ দিচ্ছে। এদের মধ্যে রয়েছেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেলের সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রিফাত রশিদ এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ এবং হাসিব আল ইসলাম ‘জাতীয় ছাত্রশক্তি’র দায়িত্ব নিতে পারেন। এছাড়া শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হচ্ছেন বলে জানা গেছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এ প্রসঙ্গে বলেন, ‘এনসিপি একটি বৃহত্তর রাজনৈতিক শক্তিতে রূপ নিতে চায়। যারা বাংলাদেশপন্থা ও সংস্কারের রাজনীতিতে বিশ্বাসী, তাদের জন্য আমাদের দলের দরজা সবসময় খোলা।’
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত প্রথমে জাতীয় নাগরিক কমিটিতে থাকলেও পরবর্তীতে ‘আপ বাংলাদেশ’ নামে নতুন প্ল্যাটফর্ম গঠন করেছিলেন। তবে সেই উদ্যোগ আশানুরূপ সফল না হওয়ায় এবং অভ্যন্তরীণ ভাঙনের প্রেক্ষাপটে তারা এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, বিএনপির সাবেক নেতা ও ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকারও এনসিপিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, আজ না হলেও অদূর ভবিষ্যতে তিনি দলটিতে যোগ দিতে পারেন এবং এ বিষয়ে বর্তমানে আলোচনা চলছে। এনসিপির নীতিনির্ধারকরা জানিয়েছেন, ধাপে ধাপে আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এই নতুন ধারার রাজনীতিতে যুক্ত হবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...