Logo Logo

পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধে বিপাকে স্থানীয়রা


Splash Image

খুলনার পাইকগাছায় চলাচলের প্রধান রাস্তায় মাটি তুলে বাঁধ নির্মাণ করে জনসাধারণের যাতায়াতে বিঘ্ন ঘটানোর অভিযোগ উঠেছে আব্দুর রব নামে এক ঘের মালিকের বিরুদ্ধে। এর ফলে এলাকার সাধারণ মানুষকে অতিরিক্ত প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।


বিজ্ঞাপন


ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া ও কাঁটাবুনিয়া মৌজায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গজালিয়া চর মসজিদের পাশ থেকে দক্ষিণমুখী এই রাস্তাটি সরকার ইটের সলিং দিয়ে তৈরি করে। রাস্তাটি গজালিয়া ক্লাব রাস্তার সাথে গিয়ে মিশেছে। তবে দক্ষিণ প্রান্তের কিছু অংশ ইটের সলিং না থাকার সুযোগে পাশের ঘের মালিক আব্দুর রব রাস্তার মাঝখানে মাটি তুলে বাঁধ নির্মাণ করেছেন, যার ফলে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা মফিজুল বিশ্বাস জানান, সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমানের সময়ে সর্বশেষ রাস্তাটি ১২ ফুট চওড়া করে মাটি দিয়ে সংস্কার করা হয়েছিল। ঘের মালিক আব্দুর রব সরদার দীর্ঘদিন ধরে সেখানে মাছ চাষ করছেন। ঘেরের পানির চাপে প্রতি বছর রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বর্তমানে ১২ ফুটের রাস্তা সংকুচিত হয়ে মাত্র ৬ ফুটে দাঁড়িয়েছে।

রাস্তাটি দিয়ে যাতায়াতকারী রাসেল সরদার বলেন, “আমরা আগে এই পথ দিয়ে ভ্যান ও সাইকেলে যাতায়াত করতে পারতাম। কিন্তু রব সরদার রাস্তার একপাশ দিয়ে বাঁধ দেওয়ায় ভ্যান চালানো তো দূরের কথা, সাধারণ মানুষের চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

অভিযুক্ত ঘের মালিক আব্দুর রব সরদার রাস্তা দখলের বিষয়টি স্বীকার করে বলেন, “বর্ষার সময় ঘের উপচে মাছ বেরিয়ে যায় বলে আমি রাস্তার একপাশে মাটি দিয়ে বাঁধ দিয়েছি। কারো চলাচলের সমস্যা হলে তারাও রাস্তার অন্য পাশ দিয়ে মাটি তুলে বাঁধ দিয়ে যাতায়াত করুক।”

চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল্লাহ সরদার এ প্রসঙ্গে জানান, রাস্তায় মাটি তুলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরির বিষয়টি তিনি অবগত আছেন। অভিযুক্ত ব্যক্তিকে মাটি অপসারণের অনুরোধ করা হলেও তিনি তা শোনেননি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাস্তাটি দ্রুত যান চলাচলের উপযোগী করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...