Logo Logo

চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন সড়কে সড়ক দুর্ঘটনার ঘটনায় যথাযথ ক্ষতিপূরণ ও চার দফা দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর ২টার দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি শুরু করেন।


বিজ্ঞাপন


গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে একটি তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী তামিম হোসেন গুরুতর আহত হন। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় সমাধানের আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজপথে নামেন।

অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘসময় যানবাহন আটকে থাকায় সাধারণ যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে দেখা গেছে। অবরোধ চলাকালে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও আটকা পড়ে। এসময় কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে পথচারীদের সঙ্গে মারমুখী ও উগ্র আচরণের অভিযোগ ওঠে।

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবিনামা পেশ করে বলেন:

১. বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুলিশ ফাঁড়িতে দ্রুত পুলিশ মোতায়েন।

২. দুর্ঘটনার জন্য দায়ী চালককে গ্রেপ্তার।

৩. বিশ্ববিদ্যালয়ের সামনে স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগ।

৪. আহত শিক্ষার্থী তামিম হোসেনের সুচিকিৎসা ও যথাযথ ক্ষতিপূরণ প্রদান।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভিপি তৌসিফ আলম অভিযোগ করে বলেন, "প্রশাসন আমাদের সঙ্গে প্রহসন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।" বিভাগের অন্য এক শিক্ষার্থী সুমাইয়া আক্তার রিয়া গত বছরের এক মর্মান্তিক দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "আমরা ক্যাম্পাসে নিরাপদ সড়ক ও জীবনের নিরাপত্তা চাই।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল এ বিষয়ে জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক এবং তা মেনে নেওয়া হয়েছে। ঘাতক যানের মালিকপক্ষের সঙ্গে ক্ষতিপূরণ ও অন্যান্য বিষয়ে আলোচনা চলছে। সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...