Logo Logo

মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার স্বর্ণালঙ্কার লুট


Splash Image

মাদারীপুর সদর উপজেলার হাউসদী বাজারে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে সংঘবদ্ধ ডাকাত দল বাজারের ৬টি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকানে হামলা চালিয়ে নগদ টাকাসহ কয়েক কোটি টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতি দেখে ফেলায় এক প্রত্যক্ষদর্শীকে হাত-পা বেঁধে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে একদল মুখোশধারী ডাকাত সদস্য হাউসদী বাজারের স্বর্ণকার পট্টিতে হানা দেয়। তারা প্রথমে ‘নিউ প্রিয়াংকা জুয়েলার্স’-এর তালা কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। ওই সময় মিলন মোল্লা নামের এক রাজমিস্ত্রি বাজারের পাশে কাজ করার সময় বিষয়টি দেখে ফেললে ডাকাতরা তাকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে রাখে।

পরবর্তীতে ডাকাত দলটি একইভাবে শ্রীশ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স, নিউ নারায়ন জুয়েলার্স, ভাগ্যশ্রী জুয়েলার্স, নিউ কনিকা জুয়েলার্স, মা লক্ষ্মী জুয়েলার্স এবং জিয়া স্টোর নামের একটি মুদি দোকানের আলমারি ও ক্যাশ বাক্স ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে যায়। সকালে খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ক্ষতিগ্রস্ত ভাগ্যশ্রী জুয়েলার্সের মালিক সেন্টু মাল কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার দোকানে ৩০ ভরি স্বর্ণ, ৫০০ ভরি রূপা এবং প্রায় এক লাখ নগদ টাকা ছিল। ডাকাতরা সব নিয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি, এই ক্ষতি কাটিয়ে ওঠার কোনো শক্তি আমার নেই।” অন্যান্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও একই ধরনের পরিস্থিতির শিকার হয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, হাউসদী বাজারে ডাকাতির খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিবেদক- রিপনচন্দ্র মল্লিক, মাদারীপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...