Logo Logo

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে কালোবাজারিমুক্ত করতে মতবিনিময়


Splash Image

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে টিকেট কালোবাজারি, চুরি-ছিনতাই এবং অবৈধ দখলমুক্ত করে যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে রেলওয়ে পুলিশ ফাঁড়ির নবনিযুক্ত ইনচার্জ শাহ আলমের সাথে ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের নেতৃবৃন্দ এই সভায় মিলিত হন।

সভায় বক্তারা স্টেশনে দীর্ঘদিন ধরে সক্রিয় টিকেট কালোবাজারি সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং যাত্রীদের ভোগান্তির চিত্র তুলে ধরেন। ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, “টিকেট কালোবাজারিদের কারণে সাধারণ যাত্রীরা সঠিক সময়ে ও ন্যায্য মূল্যে টিকেট পাচ্ছেন না, যা অত্যন্ত দুঃখজনক। এই সিন্ডিকেট ভাঙতে জিআরপি পুলিশকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, স্টেশন এলাকায় চুরি ও ছিনতাইয়ের পাশাপাশি বিভিন্ন স্থান অবৈধ দখলে থাকায় সাধারণ যাত্রীদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এসব সমস্যা নিরসনে রেলওয়ে প্রশাসনের সাথে সামাজিক ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির নবনিযুক্ত ইনচার্জ শাহ আলম নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্ব সহকারে শোনেন এবং স্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, টিকেট কালোবাজারি বন্ধ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। খুব দ্রুতই এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাঈদ আব্দুল্লাহ হিমু, দেলোয়ার হোসাইন, আরিয়ান আহমেদ, আরাফাত সিরাজীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...