Logo Logo

চিতলমারীর গঙ্গাচন্নায় মতুয়া ধর্মাবলম্বীদের মহামিলন মেলা সম্পন্ন


Splash Image

বাগেরহাটের চিতলমারী উপজেলার গঙ্গাচন্না গ্রামে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী বাংলাদেশ অশ্বিণী সেবাশ্রমে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য হরিনাম মহাযজ্ঞ ও মতুয়া ধর্মাবলম্বীদের মহামিলন মেলা। দুই দিনব্যাপী এই ধর্মীয় উৎসবে লাখো ভক্ত ও দর্শনার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আশ্রম প্রাঙ্গণ এক ভক্তিময় মিলনমেলায় পরিণত হয়।


বিজ্ঞাপন


গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ধর্মীয় ‘অধিবাস’-এর মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং পরদিন ১৭ এপ্রিল (শুক্রবার) থেকে মূল অনুষ্ঠানমালা শুরু হয়। মতুয়া ধর্মাবলম্বী নারী-পুরুষের দলবদ্ধ উপস্থিতি, ঢাক-ঢোল ও ঝাঁঝরের তালে তালে হরিনাম সংকীর্তনে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

আশ্রমের ঐতিহ্যবাহী ‘কামনা সাগর’ পুকুরে ভোর থেকেই ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই পবিত্র পুকুরে স্নান করলে পাপ মোচন হয়—এমন আধ্যাত্মিক প্রত্যাশা নিয়ে দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা এখানে পবিত্র স্নান সম্পন্ন করেন।

এই আয়োজনের অন্যতম বিশেষ দিক ছিল অসাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। সনাতন ধর্মাবলম্বীদের এই বড় উৎসবে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষজনও স্বতঃস্ফূর্তভাবে সেবা কাজে অংশ নেন। ভক্তদের বিশুদ্ধ পানি সরবরাহ ও বিশ্রামের ব্যবস্থা করে তারা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। প্রশাসনের কড়া নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

বৈশাখী আমেজে আশ্রম প্রাঙ্গণে বসা গ্রামীণ মেলায় খেলনা, মিষ্টি ও গৃহস্থালির পণ্যের পসরা সাজিয়ে বসেন কয়েকশ দোকানি। জমজমাট বেচাকেনায় স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বাগেরহাট জেলা, মোল্লাহাট ও চিতলমারী উপজেলা শাখার নেতৃবৃন্দ মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় তাদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বাংলাদেশ অশ্বিণী সেবাশ্রমের সভাপতি ও বাগেরহাট-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। সাথে উপস্থিত ছিলেন সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীবণ কুমার গাইনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

স্থানীয়রা জানান, চিতলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব ঠান্ডু ও তার সহযোগীরা এই উৎসব সফল করতে মাঠ পর্যায়ে নিরলস ভূমিকা পালন করেছেন। জাত-পাতের বিভেদ ভুলে সম্প্রীতির এই উৎসব উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।

প্রতিবেদক- মোঃ রাকিব হাসান, বাগেরহাট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...