Logo Logo

বকশীগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত


Splash Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তর পাড়া গ্রামে এক ব্যতিক্রমধর্মী ও মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম হিসেবে 'ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন' অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনীয়তা ও গ্রুপ জানার গুরুত্ব তুলে ধরতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

গত শুক্রবার (১৭ এপ্রিল) বকশীগঞ্জের কুশলনগর উত্তর পাড়া গ্রামে নিজ বাড়িতে দিনব্যাপী এই ক্যাম্পেইনের আয়োজন করেন স্থানীয় সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম। ব্যতিক্রমী এই উদ্যোগকে ঘিরে শুরু থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।

দিনব্যাপী এই কার্যক্রমে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, গৃহিণী, দিনমজুর এবং ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন স্তরের প্রায় ২৫০ জন মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করান। বিশেষ করে যারা ইতিপূর্বে কখনও রক্তের গ্রুপ জানার সুযোগ পাননি, তারা এই বিনামূল্যে সেবা পেয়ে আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অংশগ্রহণকারীদের অনেকে ভবিষ্যতে মুমূর্ষু রোগীর প্রয়োজনে রক্তদানেও আগ্রহ প্রকাশ করেছেন।

উদ্যোক্তা সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম বলেন, “দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে নিজের রক্তের গ্রুপ জানা থাকা জীবন বাঁচানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের সমাজের অনেকেই এই তথ্যটি জানেন না। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই এই ক্ষুদ্র প্রয়াস।” তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার সাঈদ হাসান। এক বার্তায় তিনি বলেন, “মানবতার কল্যাণে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। নিজের রক্তের গ্রুপ জানা শুধু নিজের জন্য নয়, অন্যের জীবন বাঁচাতেও জরুরি। এমন একটি আয়োজনের অংশ হতে পেরে আমি গর্বিত।” এসময় তিনি সমাজের বিত্তবান ও প্রবাসীদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, ব্যক্তিগত পর্যায়ে এ ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...