Logo Logo

কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে মনোতোষ ঘটক (৬০) নামে এক কৃষককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মনোতোষ ঘটক ওই গ্রামের মৃত সিদ্ধেশ্বর ঘটকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাগবাড়ী গ্রামের মনোতোষ ঘটকের সাথে প্রতিবেশী গৌরাঙ্গ ঘটকের জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে আজ বিকেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গৌরাঙ্গ ঘটক ও তার স্ত্রী পুতুল ঘটক মিলে মনোতোষ ঘটককে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী তন্ময় ঘটক জানান, বিকেলে জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে মনোতোষ ঘটক মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তমাল অধিকারী বলেন, "হাসপাতালে নিয়ে আসার আগেই মনোতোষ ঘটকের মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক পর্যবেক্ষণে তার শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।"

ঘটনার পর থেকে অভিযুক্ত গৌরাঙ্গ ঘটক ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার এস আই উত্তম সেন বলেন, "নিহতের পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে হত্যার অভিযোগ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...