বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) সকালে নড়াইল জেলা হাসপাতালের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
নড়াইল সিভিল সার্জন ডা. আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আহসান মাহমুদ রাসেল। এ সময় জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গাফফারসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন টানা ১১ কর্মদিবস চলবে। জেলার ৯৬৬টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৭৭ হাজার ৮২২ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে টিকাদান কর্মসূচির গুরুত্ব অপরিসীম। হাম ও রুবেলা অত্যন্ত ছোঁয়াচে রোগ হলেও সঠিক সময়ে টিকা গ্রহণের মাধ্যমে এটি পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সচেতনতার সাথে নির্ধারিত সময়ের মধ্যে আপনার শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে টিকা নিশ্চিত করুন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, লক্ষ্যমাত্রা অর্জনে পর্যাপ্ত জনবল ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে যাতে জেলার কোনো শিশু এই সুরক্ষা বলয় থেকে বাদ না পড়ে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...