Logo Logo

যুক্তরাষ্ট্রে বাবার গুলিতে নিজের ৭ সন্তানসহ ৮ শিশু নিহত


Splash Image

যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভপোর্টে এক বাবা তার নিজের সাত সন্তানসহ মোট আট শিশুকে গুলি করে হত্যা করেছেন। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) সকালে তিনটি আলাদা বাড়িতে হানা দিয়ে এই নারকীয় হত্যাকাণ্ড চালান ৩১ বছর বয়সী শামার এলকিন্স। ২০২৪ সালের জানুয়ারির পর এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।


বিজ্ঞাপন


নিহত শিশুদের মধ্যে তিনটি ছেলে ও পাঁচটি মেয়ে, যাদের বয়স ৩ থেকে ১১ বছরের মধ্যে। এদের মধ্যে সাতজন আপন ভাইবোন এবং অপর একজন তাদের চাচাতো ভাই/বোন।

সিএনএন-এর তথ্যমতে, নিহতরা হলো— জায়লা এলকিন্স (৩), শায়লা এলকিন্স (৫), কায়লা পিউ (৬), লায়লা পিউ (৭), মারকেডন পিউ (১০), সারিয়া স্নো (১১), খেডারিওন স্নো (৬) এবং ব্রেলন স্নো (৫)।

স্থানীয় পুলিশ কর্মকর্তা করপোরাল ক্রিস বোর্ডেলোন জানান, ঘাতক শামার এলকিন্স প্রথমে তার স্ত্রীকে লক্ষ্য করে গুলি করেন। এতে তিনি গুরুতর আহত হন। এরপর তিনি আরও দুটি বাড়িতে গিয়ে একে একে শিশুদের ওপর গুলি চালান। এ সময় জীবন বাঁচাতে ছাদ থেকে লাফ দিয়ে ১৩ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। তার শরীরের কয়েকটি হাড় ভেঙে গেলেও সে শঙ্কামুক্ত বলে জানা গেছে।

এই হামলায় শিশুদের পাশাপাশি আরও দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজন ঘাতকের স্ত্রী এবং অন্যজন আত্মীয়। দ্বিতীয় নারীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

শামার এলকিন্সের অতীত অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য প্রকাশ করেছে পুলিশ। ২০১৯ সালে একটি স্কুলের সামনে এক ব্যক্তির ওপর গুলিবর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া তিনি ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত লুজিয়ানা আর্মি ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মরত থাকাকালীন তাকে কোথাও মোতায়েন করা হয়নি।

নারকীয় এই হত্যাকাণ্ডের পর পুলিশের সাথে সংঘর্ষে শামার এলকিন্স নিজেও গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই ভয়াবহ ঘটনায় পুরো লুজিয়ানা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...