Logo Logo

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ৫


Splash Image

রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) ছুরিকাঘাতে জখম করার ঘটনায় প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সদরদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, একজন সরকারি কর্মকর্তার ওপর এমন নৃশংস ও চাঞ্চল্যকর হামলার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ পাঁচজনকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এর আগে গত সোমবার বিকেলে অফিস শেষ করে মহাখালীর ওয়াসা রোডের বাসায় ফেরার পথে হামলার শিকার হন ডা. আহমদ হোসেন। বনানী এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ২-৩ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার ডান হাত ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডা. আহমদ হোসেন ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের টেন্ডার সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, টেন্ডার সংক্রান্ত কোনো বিষয়ে তাকে ভয় দেখানোর উদ্দেশ্যেই এই পরিকল্পিত হামলা চালানো হয়ে থাকতে পারে।

উল্লেখ্য, ডা. আহমদ হোসেনের ওপর হামলার পর থেকেই চিকিৎসক মহলে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের খবর স্বস্তি দিলেও নেপথ্যের ইন্ধনদাতাদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...