Logo Logo

উজানের বৃষ্টিতে সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, দ্রুত ধান কাটার নির্দেশ


Splash Image

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির ফলে সুনামগঞ্জ জেলার প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলায় আগাম বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বোরো ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে কৃষকদের দ্রুত ধান কাটার আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, বাউলাইসহ ছোট-বড় সকল নদ-নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েকদিন এই ধারা অব্যাহত থাকলে যে কোনো সময় আগাম বন্যা দেখা দিতে পারে। এছাড়া হাওরাঞ্চলেও ভারী বৃষ্টির ফলে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাউবো কর্তৃপক্ষ জানিয়েছে, আগাম বন্যার হাত থেকে বোরো ধান রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। যেসব জমির ধান ইতোমধ্যে ৮০ শতাংশ পেকে গেছে, সেগুলো বিলম্ব না করে দ্রুত কেটে ফেলার জন্য কৃষকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করে বলছেন, পানি বৃদ্ধি পেয়ে হাওরে প্রবেশ করলে বিস্তীর্ণ এলাকার পাকা ধান তলিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই কৃষকদের ব্যক্তিগত শ্রমের পাশাপাশি কম্বাইন হারভেস্টার ও অন্যান্য কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে দ্রুত ফসল ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় সংশ্লিষ্ট বিভাগগুলো প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...