Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতার বাড়িতে হামলা প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার দাবি


Splash Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্র শক্তির ব্রাহ্মণবাড়িয়া জেলা সদস্য সচিব মোঃ শিমুল চৌধুরীর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে জাতীয় ছাত্র শক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্র শক্তির সদস্য মোঃ মারুফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা এনসিপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম, জেলা ছাত্র শক্তির আহ্বায়ক তাজুল ইসলাম, এনসিপির দপ্তর সেল সদস্য আবু বক্কর সিদ্দিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী রিফাত, যুগ্ম আহ্বায়ক মোঃ সাহিল ইসলাম আলভী ও আশিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে শিমুল চৌধুরীর ওপর হামলা চালানো হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার সুলতানপুর এলাকায় নিজ বাড়িতে অবস্থানকালে শিমুল চৌধুরীর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাত আনুমানিক ৩টার দিকে ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর চালায়।

হামলাকারীরা ঘরে ঢুকে শিমুল চৌধুরী ও তার মায়ের ওপর এলোপাতাড়ি হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। দেশীয় অস্ত্রের আঘাতে শিমুল গুরুতর আহত হন। এ সময় বাড়িতে লুটপাট চালিয়ে প্রায় তিন লাখ টাকা নিয়ে যায় বলেও দাবি ভুক্তভোগী পরিবারের। পরে গুরুতর আহত অবস্থায় শিমুল চৌধুরীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক বিরোধের জের ধরে এ হামলা চালানো হয়েছে। হামলার সময় হামলাকারীরা রাজনৈতিক পরিচয় দিয়ে হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

এদিকে, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...