Logo Logo

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল


Splash Image

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদল।


বিজ্ঞাপন


আজ বুধবার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজ শহর ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়।

বেলা ১২টা ৩০ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত চলা এই বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. পারভেজ খান। মিছিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে হামলার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মুনিম হাসান সোহাগ ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরফিন কায়েস। এছাড়া সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এম. মামুনুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুর রাহিমসহ তৃণমূল পর্যায়ের অসংখ্য নেতাকর্মী কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর যে ন্যাক্কারজনক ও অতর্কিত হামলা চালানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ছাত্রদল রাজপথে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। সমাবেশে সংগঠনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...