Logo Logo

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে শনি মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


Splash Image

রাজবাড়ী শহরে বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সার্বজনীন শনিদেব মন্দিরের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিশিলা প্রতিষ্ঠা, ব্যান্ডপার্টিসহ বর্ণাঢ্য র‍্যালি, পদ্মা নদী থেকে গঙ্গাজল আনয়ন, বিগ্রহ স্নান ও কয়েকশত ভক্তের মাঝে প্রসাদ বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজবাড়ী শহরের ভাজনবাড়ী এলাকার চানাচুর ফ্যাক্টরি সংলগ্ন মন্দির প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।

এদিন শত শত নারী-পুরুষ ভক্ত ‘শনি মন্দির’ খচিত গেঞ্জি পরে ব্যান্ডপার্টির তালে নেচে-গেয়ে গোদার বাজার এলাকায় পদ্মা নদী থেকে জল আনতে যান। পরে পুরোহিত মিহির চক্রবর্তীর পরিচালনায় মন্দিরে পূজা অর্চনা ও ভক্তসেবার আয়োজন করা হয়, যেখানে প্রায় ৭০০ ভক্ত অংশ নেন।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক পরিমল সরকার জানান, ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার কারণেই আজকের এই বৃহৎ আয়োজন সফল হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মন্দিরের অন্যতম সদস্য প্রবীর সাহা।

উৎসবে যোগ দিয়ে ‘আমরা সনাতনী যুবক’ সংগঠনের প্রধান সমন্বয়ক ও মন্দিরের ভক্ত বিপ্লব সাহাসহ অন্যান্যরা জানান, হিন্দুধর্মে শনিবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। বিশ্বাস করা হয়, শনিদেব মানুষের কর্ম অনুযায়ী ফল দান করেন। শনি দশার প্রভাবে মানসিক ও আর্থিক দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তিরা ভক্তিভরে পূজা করলে মুক্তি পান এবং তাঁদের মনস্কামনা পূর্ণ হয়।

অনুষ্ঠানে রাজবাড়ী পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি গোবিন্দ ঘোষসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২৬ এপ্রিল রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এই সার্বজনীন শনিদেব মন্দিরের শুভ উদ্বোধন করেছিলেন। প্রতিষ্ঠার এক বছরে মন্দিরটি স্থানীয় ভক্তদের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...