Logo Logo

“এই অঞ্চলে অনেক দিন রিশাদের মতো বোলার দেখা যায়নি”- ইশ সোদি


Splash Image

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই এবার শুরু হচ্ছে বিশ ওভারের লড়াই। সোমবার থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। রিশাদের প্রতিভা এবং বোলিং বৈচিত্র্য নিয়ে এবার দরাজ কণ্ঠে প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধি।


বিজ্ঞাপন


আজ শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে রিশাদকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সোধি। বিশেষ করে ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার রিশাদের বোলিং স্টাইল তাকে মুগ্ধ করেছে। সোধি বলেন, "অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ওর চমৎকার বোলিংই প্রমাণ করে সে কতটা বহুমুখী প্রতিভার অধিকারী। সাধারণত এশীয় লেগ স্পিনাররা একটু ফ্ল্যাট বোলিং করে, কিন্তু রিশাদ প্রথাগত ধারার বোলার। সে বলের ওপর জোর দিয়ে ভালো বাউন্স আদায় করতে পারে। এই অঞ্চলে অনেক দিন পর এমন বোলার দেখা যাচ্ছে।"

ইন্সটাগ্রামে আগে থেকেই যোগাযোগ থাকা এই দুই স্পিনারের দেখা হয়েছে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও। সোধি মনে করেন, রিশাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ এবং তাকে টেস্ট ক্রিকেটে দেখার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, "আশা করি সে টেস্টেও জায়গা করে নেবে। টেস্টে লেগ স্পিন দেখা আজকাল বিরল, তবে ওর সেই দক্ষতা নিশ্চিতভাবেই আছে।"

প্রশংসায় ভাসলেও নিজের বোলিংয়ে আরও ধার বাড়াতে ঘাম ঝরাচ্ছেন রিশাদ। নেটে তাকে নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। রিশাদের বর্তমান অবস্থা নিয়ে মুশতাক বলেন, "আমরা ওর গুগলিতে উন্নতি এবং ক্রিজের সঠিক ব্যবহার নিয়ে কাজ করছি। ডানহাতি ব্যাটারকে বিভ্রান্ত করতে স্টাম্পের কতটা কাছে বা দূরে থেকে বল করা যায়, সেই বৈচিত্র্যগুলো ও আয়ত্ত করছে।"

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে রিশাদের একাদশে না থাকা নিয়ে মুশতাক ব্যাখ্যা দেন যে, এটি রিশাদকে বাদ দেওয়া নয় বরং দলের স্পিন বিভাগকে আরও শক্তিশালী করার একটি প্রক্রিয়ার অংশ। অন্যদের 'গেম টাইম' দেওয়ার লক্ষ্যেই সেই পরিবর্তন আনা হয়েছিল।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী সোমবার (২৭ এপ্রিল) থেকে। প্রথম ম্যাচ: ২৭ এপ্রিল, চট্টগ্রাম। দ্বিতীয় ম্যাচ: ২৯ এপ্রিল, চট্টগ্রাম। তৃতীয় ম্যাচ: ২ মে, ঢাকা।

উল্লেখ্য, ওয়ানডে সিরিজে কিউইদের ২-১ ব্যবধানে হারিয়ে টাইগাররা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। এবার টি-টোয়েন্টিতেও সেই ধারা বজায় রাখার চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...