Logo Logo

দক্ষ নাবিকরা সামুদ্রিক খাতের এক একজন বাংলাদেশের এ্যাম্বাসেডর : নৌ প্রতিমন্ত্রী


Splash Image

দেশের সামুদ্রিক নৌ খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান।


বিজ্ঞাপন


গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাদারীপুরে অবস্থিত ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্পাসে দ্বিতীয় ব্যাচের নাবিকদের শিক্ষা সমাপনী ও কুচকাওয়াজ (পাসিং আউট) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান যুগে বিশ্ব নৌ খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত, যা দেশের জন্য গৌরবের বিষয়। এই মান বজায় রাখতে এবং আধুনিক যুগের সঙ্গে সমন্বয় করে চলতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বস্ত করেন।

তিনি উল্লেখ করেন, এখান থেকে প্রশিক্ষণ নেওয়া তরুণরা দেশি-বিদেশি জাহাজে নাবিক হিসেবে কর্মসংস্থানের সুযোগ পাবে। এতে একদিকে যেমন বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বাড়বে, অন্যদিকে বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে।

তরুণ নাবিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, সবুজের বিশালতা যেমন রোমাঞ্চকর, তেমনি এই পেশার দায়িত্বও অনেক। তোমরা যখন বিদেশি পতাকাবাহী জাহাজে কাজ করবে, তখন মনে রাখবে তোমরা শুধু নাবিক নও, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের একেকজন দূত বা অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলীম মিয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণ চলাকালীন শিক্ষার্থীরা নৌ-প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং ব্যবহারিক বিভিন্ন কারিগরি বিষয়ে নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেছেন। কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...