Logo Logo

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর


Splash Image

রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত ও কার্যকর পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।


বিজ্ঞাপন


বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের তাগিদ দিয়ে বলেন, উচ্ছেদ হওয়া হকারদের জন্য এমন স্থান নির্বাচন করতে হবে যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সাথে ব্যবসা পরিচালনা করতে পারেন। হকারদের জীবন-জীবিকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে তাদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েকশ অবৈধ দোকান সরিয়ে দেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এসব হকারদের বিকল্প স্থানের ব্যবস্থা করার পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে সরকারি পরিচয়পত্র প্রদান করা হবে, যাতে তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।

এছাড়া জনদুর্ভোগ লাঘবে স্কুল-কলেজে ক্লাস শুরু ও শেষের সময় তীব্র যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিং যানজটের অন্যতম কারণ। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ গাড়ি পার্কিংয়ের কাজে ব্যবহার করার প্রস্তাব দেন তিনি।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়াও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ও ডিআইজি (ট্রাফিক) আনিছুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...