Logo Logo

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : এমপি সেলিমুজ্জামান সেলিম


Splash Image

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চায় সম্পৃক্ত করা এখন সময়ের দাবি।


বিজ্ঞাপন


শনিবার (২৫ এপ্রিল) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গিরীশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই কোমলমতি শিক্ষার্থীদের ওপর। তারা যেন মাদক ও সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ-সবল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্য নিয়মিত খেলাধুলা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আজকের শিশু-কিশোররাই হবে মূল চালিকাশক্তি। এ সময় তিনি নারী-পুরুষের সমতার ভিত্তিতে একটি আধুনিক সমাজ গঠনের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বালক বিভাগে রাজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাজুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। অন্যদিকে, বালিকা বিভাগে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আন্দারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় একে অপরের মুখোমুখি হয়।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্যা এবং সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...