বিজ্ঞাপন
রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে পৃথক ১৫টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান। অন্যদিকে, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমানকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়োগের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশাকে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুনকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন খোন্দকার আনোয়ার হোসেন। ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন মো. আসাদুজ্জামান। এছাড়া স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে দিল আফরোজকে।
শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন এ এস এম মুস্তাফিজুর রহমান। নির্বাচন কমিশন সচিবালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক হয়েছেন দেলোয়ার হোসেন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয়ের রেজিস্টার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন হাসান মাহমুদ।
শিক্ষাক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল হাই। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে মো. শফিকুল ইসলামকে এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ হাবীবুর রহমান।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এসব কর্মকর্তার চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ন্যস্ত করে জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...