বিজ্ঞাপন
শ্রীলঙ্কান সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি—তিন সংস্করণেই ক্রিকেটের মানোন্নয়নে এমন কঠোর ও উৎসাহব্যঞ্জক প্রস্তাবনা তৈরি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশের মাটিতে টেস্ট সিরিজে র্যাঙ্কিংয়ের এক নম্বর দলকে হারাতে পারলে লঙ্কান ক্রিকেটাররা পাবেন ১ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮৪ লাখ টাকা)। এছাড়া র্যাঙ্কিংয়ের দুই, তিন ও চার নম্বর দলকে হারালে যথাক্রমে ১ লাখ ডলার, ৭৫ হাজার ডলার এবং ৬০ হাজার ডলার বোনাস দেওয়া হবে। ঘরের মাঠে এই বোনাসের পরিমাণ কিছুটা কম হলেও তা নেহাত মন্দ নয়।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণেও শীর্ষ চার দলের বিপক্ষে সিরিজ জয়ের জন্য একইভাবে দেড় লাখ ডলার পর্যন্ত বোনাসের ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমানে ভারতের মতো শক্তিশালী দলগুলো র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকায় তাদের হারানোই হবে লঙ্কানদের বড় আয়ের লক্ষ্য।
লঙ্কান বোর্ডের নতুন এই নীতিতে সবচেয়ে আলোচিত বিষয় হলো জরিমানা। আগে র্যাঙ্কিংয়ের প্রথম নয়টি দলের যেকোনোটিকে হারালে বোনাস পাওয়ার নিয়ম থাকলেও তা বাতিল করা হচ্ছে। এখন থেকে আফগানিস্তান, বাংলাদেশ বা জিম্বাবুয়ের মতো র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলোর বিপক্ষে সিরিজ জিতলে কোনো অতিরিক্ত বোনাস পাবেন না ক্রিকেটাররা। উল্টো এসব দলের কাছে সিরিজ হারলে শাস্তি হিসেবে ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা দিতে হবে।
বর্তমানে টেস্ট ও ওয়ানডে র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার অবস্থান ৬ নম্বরে এবং টি-টোয়েন্টিতে ৮ নম্বরে। লঙ্কানদের ঠিক পরেই অবস্থান করছে আফগানিস্তান ও বাংলাদেশ। অন্যদিকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ চারে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারত। সীমিত ওভারের ক্রিকেটে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিরা রয়েছে শীর্ষ তালিকায়।
বিশ্লেষকদের মতে, বড় দলের বিপক্ষে জয়ের মানসিকতা তৈরি এবং ছোট দলের কাছে হারের নতি স্বীকার বন্ধ করতেই এসএলসি এই ‘স্টিক অ্যান্ড ক্যারট’ নীতি গ্রহণ করতে যাচ্ছে। এখন দেখার বিষয়, মাঠের পারফরম্যান্সে এই আর্থিক নীতি কতটা প্রভাব ফেলে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...