Logo Logo

নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মো. আবু বকর সিদ্দিক (৩৫)। তিনি উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামের চাপরাশি বাড়ির মৃত হাজি আমিন উল্লাহর ছেলে।


বিজ্ঞাপন


শনিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিবার (২৬ এপ্রিল) ময়নাতদন্ত শেষে মরদেহ নোয়াখালীতে নিয়ে আসার কথা রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বকর সিদ্দিক গাজীপুর চৌরাস্তা এলাকায় বড় ভাইয়ের রেস্তোরাঁয় কাজ করতেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। গত মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সিঁড়িতে বসে মোবাইল ফোন দেখছিলেন তিনি। এ সময় ৫-৭ জনের একটি দুষ্কৃতকারী দল তাকে অপহরণ করে বাড়ির পূর্ব পাশে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার মুখে গামছা পেঁচিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে মৃত ভেবে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, ঢাকা থেকে বার্তা পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বাড়ি থেকে তুলে নিয়ে তাকে নির্দয়ভাবে মারধর করা হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ ও আঘাতের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...