Logo Logo

ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত


Splash Image

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, মেলা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সকালে জেলা জজ আদালত চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ জামাল হোসেন। এরপর একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে লিগ্যাল এইড মেলা, বৃক্ষরোপণ এবং শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদান করা হয়।

জেলা ও দায়রা জজ জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইউসুফ আলী। লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ মজনু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে এ বছর সেরা প্যানেল আইনজীবী হিসেবে ললিত কুমার রায় ও মাসুদা পারভিন ইভাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জেলা লিগ্যাল এইড অফিসের তথ্যমতে, ২০২৫ সালে ঠাকুরগাঁওয়ে মোট ৮১৪টি আবেদনের মধ্যে ৭১৪টি সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। এই সময়ে ৩ হাজার ৪৩৬ জন উপকারভোগী সরকারি সেবা গ্রহণ করেছেন। বিশেষ করে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে ৪৪ লাখ ৪৯ হাজার টাকা আদায় করা হয়েছে এবং ১৯১টি মামলা আপসের ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে।

লিগ্যাল এইড অফিসার মজনু মিয়া জানান, আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে। জনপ্রতিনিধি ও শিক্ষকদের সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানোর কাজ চলছে।

সমাপনী বক্তব্যে জেলা ও দায়রা জজ জামাল হোসেন বলেন, অর্থের অভাবে বিচারবঞ্চিত মানুষের আশ্রয়স্থল হলো লিগ্যাল এইড। বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে এবং দ্রুত বিরোধ নিষ্পত্তিতে এই কার্যক্রম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...