Logo Logo

নড়াইলে ঝড়ে স্কুলের ওপর গাছ পড়ে ২ শিক্ষার্থী আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক


Splash Image

নড়াইলের কালিয়া উপজেলায় আকস্মিক ঝড়ো হাওয়ায় একটি নারিকেল গাছ ভেঙে শ্রেণিকক্ষের ওপর পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট কালিয়া এলাকার শামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলে এই দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো—ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর গ্রামের জহির শেখের ছেলে মাজেদুল ইসলাম (৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ তীব্র ঝড়ো হাওয়া শুরু হলে স্কুলের পাশে থাকা একটি পুরনো নারিকেল গাছ উপড়ে টিনশেড শ্রেণিকক্ষের ওপর পড়ে। এতে ভেতরে থাকা শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গাছের আঘাতে দুজন গুরুতর আহত হয়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিয়াম শেখের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার সময় বিদ্যালয়ে কোনো শিক্ষক উপস্থিত ছিল না বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্তে স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র তলব করা হয়েছে এবং কর্তৃপক্ষের কোনো গাফিলতি প্রমাণিত হলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...