Logo Logo

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী


Splash Image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

আদালতে সাবেক মেয়র আইভীর পক্ষে শুনানি পরিচালনা করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট এস এম হৃদয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশ আবেদন করেছিল। এর পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ২ মার্চ একটি মামলায় এবং ১২ এপ্রিল অন্য মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। ওই মামলাগুলোতেই আজ হাইকোর্ট থেকে জামিন পেলেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৯ মে রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজস্ব বাসভবন ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তাকে পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে হাইকোর্ট তাঁকে পাঁচটি মামলায় জামিন দিলেও পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগ তা স্থগিত করে দেয়। এরপর ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়, যেগুলোতে ২৬ ফেব্রুয়ারি জামিন পেলেও পুনরায় তা স্থগিত হয়ে যায়।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমানে সিদ্ধিরগঞ্জের এই দুই মামলায় জামিন পাওয়ায় তাঁর কারামুক্তির পথ কতটুকু সুগম হবে, তা পরবর্তী আইনি পদক্ষেপের ওপর নির্ভর করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...