Logo Logo

ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত


Splash Image

“ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত কর্মসূচিতে ড্রাইভিং ট্রেডে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে ট্রাফিক সাইন, সিগন্যাল, রোড মার্কিং, প্রচলিত ট্রাফিক আইন এবং চালকদের নৈতিকতা বিষয়ে বিস্তারিত ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম। এছাড়াও টিটিসির ইনস্ট্রাক্টর সৈয়দ আজমল হোসেন, পিডিও মামুনুর রশিদ, ইনস্ট্রাক্টর নাজিমুদ্দিন আলম সিরাজী এবং জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) খোরশেদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বিশেষ করে নতুন প্রজন্মের যারা চালক হিসেবে তৈরি হচ্ছেন, তাদের ট্রাফিক আইনের খুঁটিনাটি প্রতিপালন এবং পেশাগত নৈতিকতার চর্চা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। জেলা ট্রাফিক বিভাগ জানায়, নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের জনহিতকর ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...