Logo Logo

মাদারীপুরে এসএসসি পরীক্ষায় অনিয়ম, কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষককে অব্যাহতি


Splash Image

মাদারীপুরের কালকিনিতে এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলা ও প্রশ্নপত্র বিতরণে অনিয়মের অভিযোগে ৪ জন শিক্ষককে পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফ উল আরেফীন।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন— কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামা প্রসাদ পাল মিন্টু, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হল সুপার মো. নাসির উদ্দীন, কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কক্ষ পরিদর্শক দিলীপ বৈরাগী এবং ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কক্ষ পরিদর্শক ইজাজুল হক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার অনুষ্ঠিত এসএসসি'র ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের পরীক্ষায় পরীক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্র বিতরণে গুরুতর অনিয়মের অভিযোগ ওঠে। বিষয়টি প্রশাসনের গোচরীভূত হলে তাৎক্ষণিক তদন্ত শুরু করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফ উল আরেফীন বলেন, “পরীক্ষার প্রশ্ন বিতরণে অনিয়মের অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ পরীক্ষা নিশ্চিতকল্পে কেন্দ্র সচিবসহ ওই ৪ জন শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে।”

পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও গাফিলতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...