Logo Logo

কোটালীপাড়ায় কবি সুকান্ত মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিপ্লবী কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের স্মৃতি রক্ষার্থে এবং তার আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হচ্ছে।


বিজ্ঞাপন


রবিবার (৩ মে) দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "কবি সুকান্ত ভট্টাচার্য তার লেখনীর মাধ্যমে সমাজের ধনী-দরিদ্রের বৈষম্য, ক্ষুধার্ত মানুষের হাহাকার এবং নবজাতকের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকার তুলে ধরেছেন। তার প্রতিটি কবিতা অন্যায়ের বিরুদ্ধে এক একটি বলিষ্ঠ প্রতিবাদ।"

এমপি এস এম জিলানী আরও বলেন, "আমরা কবি সুকান্তের সেই প্রতিবাদী আদর্শকে বুকে ধারণ করে একটি মাদকমুক্ত সমাজ গড়তে চাই। বর্তমান সময়ে মাদক যে ভয়াবহ রূপ নিয়েছে, তা প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কবির আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমরা এই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার এবং পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া। এছাড়াও সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, স্থানীয় শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক দিলীপ কুমার ভাবুক এবং সাংবাদিক মিজানুর রহমান বুলু সভায় অংশ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করলেও কবি সুকান্ত ভট্টাচার্যের পৈত্রিক নিবাস কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। ১৯৪৭ সালের ১৩ মে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মাত্র ২১ বছর বয়সে এই মহান কবির মহাপ্রয়াণ ঘটে। প্রতি বছরের ন্যায় এবারও তার পৈত্রিক ভিটায় কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করছে স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...