Logo Logo

গোপালগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে অভিযান চালিয়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনুমোদনহীন শিশু খাদ্য উৎপাদন ও দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে এই অর্থদণ্ড প্রদান করা হয়।


বিজ্ঞাপন


রোববার (৩ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসরিন এই ঝটিকা অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, পাটগাতী কাঁচাবাজার সংলগ্ন 'আইস মিল' নামক একটি বরফ ফ্যাক্টরিতে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির বরফ উৎপাদনের লাইসেন্স থাকলেও তারা কোনো অনুমোদন ছাড়াই আইসক্রিম উৎপাদন করছে। এছাড়া বিএসটিআই-এর লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতিরেকে ক্ষতিকর নিষিদ্ধ রং এবং মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আওলাদ হোসেন মোল্লাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অনুমোদন না পাওয়া পর্যন্ত আইসক্রিম উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে পার্শ্ববর্তী একটি মুদি দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের দায়ে দোকান মালিক ওয়াসিকুর রহমানকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসরিন বলেন, ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী পণ্য বা সেবার সঠিক গুণমান, বিশুদ্ধতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এই ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে শিশু খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।

অভিযানকালে ক্যাব গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলুসহ টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এমন তদারকির দাবি জানিয়েছেন সচেতন মহল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...