বিজ্ঞাপন
আজ সোমবার (৪ মে) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গেরদা ইউনিয়নবাসী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন 'মানুষ মানুষের জন্য'-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মেহেরুন্নেসা স্বপ্না এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজ ও মুখ্য সমন্বয়ক জেবা তাহসিন।
উপস্থিত বক্তারা ছয় বছরের শিশু কবিতার ওপর চালানো এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং গ্রেফতারকৃত প্রধান অভিযুক্ত ইসরাফিল মৃধাসহ জড়িতদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি তোলেন।
নিহত কবিতার পিতা বাঁকা মিয়া ও মাতা তাহমিনা বেগম কান্নায় ভেঙে পড়ে তাদের শিশু কন্যার খুনিদের ফাঁসি দাবি করেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ছয় বছরের নিষ্পাপ শিশুকে যে কায়দায় হত্যা করা হয়েছে তা সভ্য সমাজে কল্পনা করা যায় না। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারকে এ বিষয়ে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। তারা বিশেষভাবে উল্লেখ করেন যে, ফরিদপুরে মাদক এখন একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে এবং এই মাদক নির্মূল করতে না পারলে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন গেরদা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জাকারিয়া, যুবদল নেতা কাকন মিয়া, 'মানবতার কল্যাণে ফরিদপুর' সংগঠনের সভাপতি মোহাম্মদ সিয়াম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এনামুল চৌধুরী, এস এম রফিকুল ইসলাম এবং ফরিদপুর সদর থানা বিএনপির সহ-সভাপতি হাজ্জাজ বিন ইউসুফ প্রমুখ।
বক্তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনা সমাজে চরম আতঙ্ক সৃষ্টি করছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের কঠোরতম শাস্তি প্রদান এখন সময়ের দাবি।
মানববন্ধনে গেরদা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করে শোক ও প্রতিবাদ প্রকাশ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...