Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত প্রাঙ্গণ থেকে ২ আসামির পলায়ন, আটক ১


Splash Image

ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মাদক মামলার দুই আসামি পলায়নের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৫ মে) দুপুরে আসামিদের আদালতের হাজতখানায় নেওয়ার সময় এই ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে পুনরায় আটক করতে সক্ষম হলেও অপর আসামি এখনও পলাতক রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পলায়নকারী দুই আসামি হলেন বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার মৃত হাসেম মিয়ার ছেলে সজল (২৯) এবং একই এলাকার মৃত জালাল মিয়ার ছেলে শাহীন (২৯)। গত সোমবার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর এলাকা থেকে প্রায় ২ কেজি মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়েছিল। মঙ্গলবার বাঞ্ছারামপুর থানার কনস্টেবল সোহেল ও রয়েল বড়ুয়া তাদের আদালতে নিয়ে আসেন। কোর্টের প্রধান ফটকের কাছে পৌঁছালে সুযোগ বুঝে তারা দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ সজলকে আটক করতে পারলেও শাহীন পালিয়ে যেতে সক্ষম হন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. মফিজুল ইসলাম বাবুল এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামির পলায়ন দায়িত্বপ্রাপ্ত সদস্যদের অবহেলার দিকেই ইঙ্গিত করে। দ্রুত পলাতক আসামিকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

কোর্ট পরিদর্শক মো. হাবিবুল্লাহ এ বিষয়ে বিস্তারিত জানাতে অনাগ্রহ প্রকাশ করলেও সংক্ষেপে বলেন, "আমরা আসামি বুঝে পাইনি।" বাঞ্ছারামপুর থানা থেকে নিয়ে আসা আসামিদের পলায়নের পর আদালত প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। পলাতক শাহীনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগেও ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময় আদালত প্রাঙ্গণ থেকে কৌশলে আসামি পলায়নের ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি আদালত প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...