Logo Logo

হানিট্র্যাপ কৌশল ভেস্তে দিয়ে কলমাকান্দায় ভারতীয় পণ্যবোঝাই ট্রাক আটক


Splash Image

অভিযানে জব্দকৃত ভারতীয় পণ্যবাহী ট্রাক।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চোরাকারবারি চক্রের অভিনব ‘হানিট্র্যাপ’ কৌশল ব্যর্থ করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার (০৬ এপ্রিল) ভোরে উপজেলার নাজিরপুরের রাঙ্গামাটিয়া ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফার নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা মেট্রো ড-১৪৫৫৬৮ নম্বরের ট্রাকটিতে তল্লাশি চালায়। এ সময় কাঠের তুষের বস্তার আড়ালে লুকানো ছোট-বড় ১৮টি প্লাস্টিকের বস্তা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী লেংগুরা এলাকা থেকে অবৈধভাবে এসব পণ্য সংগ্রহ করে নেত্রকোনা জেলা শহরের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।

অভিযানকালে ট্রাকের চালক নাজিরপুর ইউনিয়নের শিংপুর গ্রামের হয়রত আলীর ছেলে মো. নাসিম (২৫) এবং হেলপার একই ইউনিয়নের সেইচাহানি গ্রামের মানিকের ছেলে মুনির (২১)-কে আটক করা হয়। পরে তাদের কলমাকান্দা থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, ট্রাকটির পেছনে জসীম নামে এক ব্যক্তি মোটরসাইকেলে অনুসরণ করছিলেন। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, চোরাচালান চক্রকে হাতেনাতে ধরতে কৌশলগতভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চক্রটি ‘হানিট্র্যাপ’ কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা চালালেও তা ব্যর্থ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

দীর্ঘদিন ধরে লেংগুরা-নাজিরপুর-সিধলী রুট ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র এ ধরনের চোরাচালান কার্যক্রম চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, “মাদক, জুয়া ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। নিয়মিত অভিযান চলবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...