বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ মে) সকালে গোপালগঞ্জ জেলা পরিষদ হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে জেলার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি এনামুল কবির রুপম, মহাসচিব খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি এবং দৈনিক বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক আহম্মদ উল্লাহ।
প্রশিক্ষণ সেশনে মানবাধিকারের মূল ধারণা, নাগরিকের মৌলিক অধিকার, মানবিক মর্যাদা রক্ষা এবং বৈষম্যহীন সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধন, সাংবাদিকতায় সমতার নীতি অনুসরণ এবং সংবাদ পরিবেশনায় আইনি জটিলতা নিরসনসহ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ। এ সময় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৌশিক আহম্মেদ উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে অতিথিরা বলেন, সমাজের প্রান্তিক মানুষের অধিকার আদায়ে মানবাধিকার সাংবাদিকতা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও সচেতন ও দক্ষ হয়ে উঠবেন বলে তারা আশা প্রকাশ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...