Logo Logo

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়


Splash Image

বিশ্বফুটবলের মহাযজ্ঞে এবার যুক্ত হলো বাংলাদেশের নাম। আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। বিশ্বসংগীতের মহাতারকাদের সঙ্গে একই মঞ্চে এক বাঙালির উপস্থিতির খবর প্রকাশের পর থেকেই দেশীয় ভক্তদের মধ্যে বইছে উচ্ছ্বাসের জোয়ার।


বিজ্ঞাপন


আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। এবারই প্রথম স্বাগতিক তিন দেশে আলাদাভাবে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। যেখানে সংগীত, সংস্কৃতি ও বিনোদনের এক বৈশ্বিক মিলনমেলা বসতে যাচ্ছে।

১২ জুন কানাডার টরন্টোতে স্বাগতিক কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের আগে বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। সেই মঞ্চেই পারফর্ম করবেন ডিজে সঞ্জয়। তার সঙ্গে একই আয়োজনে থাকবেন কানাডিয়ান সংগীতশিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং বলিউড সেনসেশন নোরা ফাতেহি। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই শিল্পীর উপস্থিতি দেশীয় সংগীতপ্রেমীদের জন্য এক বিশাল গর্বের উপলক্ষ।

প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটি হবে ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে। সেখানে মঞ্চ মাতাবেন কলম্বিয়ান তারকা জে বালভিন ও দক্ষিণ আফ্রিকার টাইলা। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের ম্যাচে পারফর্ম করবেন পপ আইকন কেটি পেরি, ব্ল্যাকপিঙ্কের লিসা এবং টাইলা।

বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিতে কলম্বিয়ান পপ কুইন শাকিরা ইতোমধ্যেই অফিশিয়াল থিম সং-এর একটি ঝলক প্রকাশ করেছেন। নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে গাওয়া এই গানটি এবারের আসরের মূল সুর হিসেবে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর মতে, এবারের বিশ্বকাপ ফুটবল ছাপিয়ে এক অনন্য বৈশ্বিক উদযাপনে রূপ নিতে যাচ্ছে। মোট ১০৪ ম্যাচের এই মহাযজ্ঞের শুরুতেই বাংলাদেশের একজন শিল্পীর রাজকীয় উপস্থিতি পুরো বিশ্বকে নতুন বার্তা দিচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...