Logo Logo

গোপালগঞ্জের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সচিবালয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার মতো সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, জেলার চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সরকার কাজ করছে এবং অসমাপ্ত প্রকল্প দ্রুত সম্পন্নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


বিজ্ঞাপন


গতকাল রোববার (১০ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গোপালগঞ্জ এখন আর কোনো বিশেষ জেলা নয়। অতীতে কে কী করেছেন, সেই কারণে যেন সাধারণ মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার তুলনায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন। জেলার চলমান ও অসম্পূর্ণ উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় গোপালগঞ্জ-১, ২ ও ৩ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, কে এম বাবর এবং এস এম জিলানী উপস্থিত ছিলেন। এসময় সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন তারা।

সভায় বক্তব্য দিতে গিয়ে সেলিমুজ্জামান সেলিম বলেন, গোপালগঞ্জের অধিকাংশ উন্নয়নমূলক কাজ বর্তমানে বন্ধ হয়ে আছে। বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এর ফলে জেলার অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক ভিন্নমত বা অতীতের কারণে কোনো জেলার উন্নয়ন থেমে থাকতে পারে না।

গোপালগঞ্জের মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই প্রধানমন্ত্রী জেলার চলমান ও অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন বলে জানান সেলিমুজ্জামান সেলিম। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও অবকাঠামো খাতের গুরুত্বপূর্ণ কাজ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, সঠিক পরিকল্পনা ও স্বচ্ছতার মাধ্যমে গোপালগঞ্জকে আবারও উন্নয়নের ধারায় ফিরিয়ে আনা সম্ভব হবে এবং জেলার মানুষ শিগগিরই এর সুফল ভোগ করতে পারবে।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুল আউয়াল, গোপালগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকসহ জেলার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...