বিজ্ঞাপন
সরেজমিনে জানা যায়, উপজেলার আগড়ঘা এলাকায় কপোতাক্ষ নদের ভাঙনে জেগে ওঠা চরভরাটি জমি ১৯৯৮ সালে ৫৫ জন ভূমিহীন পরিবারকে একসনা বন্দোবস্ত দেয় সরকার। পরবর্তীতে ২০১১-১২ সালে তারা প্রত্যেকে ৩ বিঘা করে জমির চিরস্থায়ী বন্দোবস্ত লাভ করেন, যা বর্তমানে 'পার রামনাথপুর' গ্রাম হিসেবে পরিচিত। দীর্ঘ ৩০ বছর ধরে এই ভূমিহীন পরিবারগুলো সেখানে বসতবাড়ি নির্মাণ ও মৎস্য চাষ করে জীবন অতিবাহিত করছেন।
স্থানীয়দের অভিযোগ, রোববার বিকেল ৫টার দিকে হরিঢালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ফারুক হোসেন লাকির নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সশস্ত্র দল ওই জমি জবরদখল করতে যায়। এ সময় তারা বসতবাড়িতে হামলা চালিয়ে নারী-পুরুষদের বেধড়ক মারপিট করে। হামলায় গুরুতর আহত ফাইমা বেগম (২৮) বর্তমানে পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী হামিদ সরদার বাদী হয়ে রোববার রাতেই থানায় এজাহার দাখিল করেন। মামলার খবর পেয়ে গভীর রাতে আবারও ইউপি সদস্য লাকির নেতৃত্বে আশরাফ শেখ, আজিজ শেখ ও মজিদ শেখসহ একদল দুর্বৃত্ত ঘেরের বাঁধ কেটে মাছ লুটপাট করে। একপর্যায়ে তারা তপন বিশ্বাস ও সুতপ্ত গাইনের দুটি বসতঘরে অগ্নিসংযোগ করে। আগুনে সাগরে মাছ ধরার মূল্যবান জাল ও আসবাবপত্রসহ কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী সিরাজুল ইসলামসহ অন্যরা জানান, হামলার সময় নারীদের হেনস্থা করা হয়েছে এবং বর্তমানে তারা প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। অভিযুক্ত ইউপি সদস্য ফারুক হোসেন লাকি দাবি করেন, ওই জমি রেকর্ডীয় সম্পত্তি এবং জনপ্রতিনিধি হিসেবে তিনি সেখানে স্থানীয়দের দেখভাল করছেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় একটি এজাহার জমা পড়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...