Logo Logo

উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার

ফরিদপুর প্রেস ক্লাবে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশকে সংবর্ধনা


Splash Image

ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ এবং জেলার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।


বিজ্ঞাপন


এ উপলক্ষে সোমবার (১১ মে) সন্ধ্যায় ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে তাকে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আফজাল হোসেন খান পলাশের রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার প্রশংসা করেন। পাশাপাশি জেলার উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তাকে শুভেচ্ছা জানান তারা।

বক্তারা বলেন, ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়নের স্বার্থে জেলা পরিষদের প্রশাসক হিসেবে আফজাল হোসেন খান পলাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং সব সময় সাংবাদিকদের পাশে থাকবেন। তারা উল্লেখ করেন, জেলা পরিষদের অধীনে পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি নিজস্ব পাঠাগার, যাত্রী ছাউনি ও অন্যান্য সেবামূলক কার্যক্রম পুনরায় চালু ও সক্রিয় করা প্রয়োজন। একই সঙ্গে ফরিদপুরের পার্শ্ববর্তী এলাকায় একটি আধুনিক পিকনিক কর্নার নির্মাণের দাবিও জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় জেলার মানুষ প্রত্যাশিত সেবা পাবে বলে তারা আশাবাদী। তারা উল্লেখ করেন, আফজাল হোসেন খান পলাশ সাংবাদিক পরিবারের সন্তান। তার বড় ও ছোট ভাই সাংবাদিকতার সঙ্গে জড়িত এবং তিনিও জেলা পরিষদ প্রকাশিত ‘গণমন’ পত্রিকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি গণমাধ্যমকর্মীদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সহযোগিতা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

সভায় বক্তারা আশা প্রকাশ করে বলেন, সকলের সহযোগিতায় আফজাল হোসেন খান পলাশ ফরিদপুরকে একটি সুন্দর, শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও যানজটমুক্ত জেলায় পরিণত করতে সক্ষম হবেন। একই সঙ্গে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের জন্য কাজ করবেন এবং প্রেস ক্লাব ও সাংবাদিকদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন খান পলাশ বলেন, “আমি আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। ফরিদপুরের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। খুব দ্রুত একটি পিকনিক কর্নার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করতে কাজ করব। জনগণ যাতে সম্মান ও সঠিক সেবা পায়, সেদিকে লক্ষ্য রাখব। দল-মত ও বিশ্বাস নির্বিশেষে সবার জন্য কাজ করব। আমি পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই এবং মানুষের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

এ সময় তিনি ফরিদপুরকে মাদকমুক্ত ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানান। পাশাপাশি ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়নে কাজ করা এবং সবসময় সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন। জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

সংবর্ধনার জন্য ফরিদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আফজাল হোসেন খান পলাশ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মিজানুর রহমান মানিক, পান্না বালা, মাহফুজুল আলম মিলন, জাহিদ রিপন, আশরাফুজ্জামান দুলাল, হাসানুজ্জামান, সাজ্জাদ হোসেন রনি, নাজিম বাকাউল, মশিউর রহমান খোকন, বেলাল চৌধুরী, রেজাউল হক, নার্গিস পারভীন, বি কে শিকদার সজল, শফিকুল ইসলাম মনি, শাহাদাত হোসেন তিতু, মাসুদুর রহমান তরুণ, বিভাস দত্ত, আবিদুর রহমান নিপু, আসাদুল হক আসাদসহ আরও অনেকে।

এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফরিদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...