Logo Logo

ফুলগাজীতে জাল নোটসহ আটক ১, সহযোগী পলাতক


Splash Image

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট বাজারে জাল নোটসহ মেহেদী হাসান (৩৪) নামে এক পেশাদার জাল টাকা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


সোমবার (১১ মে) সন্ধ্যায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকা মানের দুইটি জাল নোট উদ্ধার করা হয়।

আটক মেহেদী হাসান ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার বাঁশবুনিয়া ৮ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুর রহমান ও জাহানারা বেগমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান তার সহযোগী রনিকে সঙ্গে নিয়ে দুপুর থেকেই আমজাদহাট এলাকায় অবস্থান করছিলেন। সন্ধ্যার দিকে তিনি বাজারের একটি হার্ডওয়্যার দোকানে একটি ছোট টর্চলাইট কিনতে যান। পণ্যটির মূল্য পরিশোধ করতে গিয়ে তিনি দোকানদারকে এক হাজার টাকার একটি নোট প্রদান করেন। নোটটি দেখে সন্দেহ হলে দোকানদার তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

সংবাদ পেয়ে ফুলগাজী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেহেদী হাসানকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আরও একটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী রনি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মেহেদী হাসান জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক ও জাল টাকাসহ অন্তত সাতটির বেশি মামলা রয়েছে।

পলাতক সহযোগীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক মেহেদী হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...