Logo Logo

সীমান্তে হত্যা বন্ধ না হলে লংমার্চের হুঁশিয়ারি নাছির উদ্দীন পাটোয়ারীর


Splash Image

সীমান্তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করে জাতীয় নাগরিক প্ল্যাটফর্মের (এনসিপি) মুখ্য সংগঠক নাছির উদ্দীন পাটোয়ারী বলেছেন, সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যাকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারলে বড় ধরনের লংমার্চ কর্মসূচি দেওয়া হবে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত মোরসালিন ও নবীনের পরিবার পরিদর্শন এবং কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দীন পাটোয়ারী সরকারের সমালোচনা করে বলেন, সীমান্তে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী শুধু সংবিধানের দোহাই দেন, কিন্তু সীমান্ত রক্ষায় তিনি কার্যকর ভূমিকা রাখতে পারছেন না।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের কিছু সংসদ সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করা হলে মাদক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "সরকার যদি সীমান্তে নাগরিক হত্যা বন্ধ করতে না পারে, তাহলে আমরা সীমান্তে লংমার্চ দেব। দেখব কে আমাদের ঠেকায়।" এ সময় তিনি দাবি করেন, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে আসার পথেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাধার সম্মুখীন হতে হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিয়ে এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, এনসিপি সরকার গঠন করতে পারলে সীমান্ত এলাকায় পরিখা খনন করা হবে, যাতে শত্রু ও অপরাধী চক্র সহজে অনুপ্রবেশ করতে না পারে। সীমান্ত এলাকার মানুষের জীবন-জীবিকা নিরাপদ করতে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

সবশেষে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সীমান্তে বসবাসরত মানুষের নিরাপত্তা নিশ্চিত, জীবিকা সহজ করা এবং হত্যাকাণ্ড বন্ধে অনতিবিলম্বে রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর ও কার্যকর উদ্যোগ নিতে হবে।

পরিদর্শনকালে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...