Logo Logo

গোপালগঞ্জে বিদেশ ফেরত অভিবাসীদের পুনঃএকত্রীকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে বিদেশ ফেরত প্রত্যাগত অভিবাসী কর্মীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনঃএকত্রীকরণ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের জনকল্যাণমূলক কার্যক্রম অবহিতকরণ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১২ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এই সেমিনার আয়োজিত হয়।

জেলা প্রশাসন ও গোপালগঞ্জ প্রবাসী কল্যাণ সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) এবং প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. এ.টি.এম. মাহবুব-উল করিম। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জ প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আলী হোসেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রন সরকার। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ গাজী আবিদ রায়হান, গোপালগঞ্জ বিআরটিসি’র ম্যানেজার মো. জামিল হোসেন, জেলা জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায় এবং পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম পরিচালক মো. তোজাম্মেল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. এ.টি.এম. মাহবুব-উল করিম বলেন, "প্রবাসীরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। বিদেশ ফেরত কর্মীরা দেশে ফিরে যেন গঠনমূলক কাজে আত্মনিয়োগ করতে পারেন, সেজন্য সরকার প্রশিক্ষণ ও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড অসুস্থ কর্মীদের চিকিৎসা সহায়তা, মৃত কর্মীর পরিবারকে আর্থিক অনুদান এবং মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অব্যাহত রেখেছে।"

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, "প্রত্যাগত অভিবাসীদের দক্ষতাকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। প্রবাসীদের কল্যাণে প্রশাসন ও প্রবাসী কল্যাণ সেন্টার সবসময় সজাগ রয়েছে।"

সেমিনারে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং উল্লেখযোগ্য সংখ্যক বিদেশ ফেরত কর্মী উপস্থিত ছিলেন। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি শেখ মোস্তফা জামান, সাধারণ সম্পাদক এম.টি. রহমান মাহমুদ, সাংবাদিক শৈলেন মজুমদার ও হেলাল আহমেদ প্রমুখ।

বক্তারা প্রবাসীদের ডাটাবেজ নিবন্ধন এবং সরকারি সুযোগ-সুবিধা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানান। সেমিনার শেষে প্রবাসীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। উল্লেখ্য, বর্তমান বিশ্বের ১৭৮টি দেশে বাংলাদেশের কর্মীরা কর্মরত আছেন। করোনা মহামারীর কারণে ২০২০ সালে কাজ হারিয়ে ফেরত আসা প্রায় ৫ লক্ষ কর্মীর কর্মসংস্থান সৃষ্টিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিবেদক- এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...