Logo Logo

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি, ১৬-২৩ দিনের অবকাশ পাচ্ছে শিক্ষার্থীরা


Splash Image

প্রতীকী এই ছবিটি এআই দ্বারা নির্মিত।

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ২৪ মে থেকে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে একযোগে এই ছুটি কার্যকর হবে।


বিজ্ঞাপন


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এই ছুটির তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ২৪ মে থেকে ছুটি শুরু হলেও শিক্ষার্থীরা মূলত ২১ মে থেকেই অবকাশের সুযোগ পাচ্ছে। কারণ ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শেষ কর্মদিবস।

ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ছুটি থাকবে। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এই স্তরের প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলবে ৭ জুন। ফলে সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা টানা ১৬ দিনের একটি দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছে।

অন্যদিকে, দেশের মাদ্রাসাগুলোতে (আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) এই ছুটির মেয়াদ আরও দীর্ঘ। মাদ্রাসার ক্যালেন্ডার অনুযায়ী ২৪ মে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে মাদ্রাসার ক্লাস পুনরায় শুরু হবে। এতে করে মাদ্রাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২৩ দিনের অবকাশ পাবে।

জুন মাসে প্রতিষ্ঠানগুলো খোলার পর পরবর্তী কয়েক মাসেও বেশ কিছু ছুটি রয়েছে। জুলাই মাসে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষ্যে ২৯ জুলাই একদিনের ছুটি থাকবে। আগস্ট মাসে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যেও ছুটির সূচি নির্ধারিত রয়েছে।

মূলত মুসলিম উম্মাহর অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা এবং গ্রীষ্মের তীব্রতা বিবেচনায় শিক্ষার্থীদের স্বস্তির কথা মাথায় রেখেই প্রতি বছর শিক্ষাপঞ্জিতে এই দীর্ঘ ছুটির ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...