Logo Logo

চট্টগ্রাম গিয়ে অপদস্থ ববি ফুটবল দল, দাপ্তরিক জটিলতায় খেলাই হলো না ঢাবির বিপক্ষে


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান প্রশাসনিক অস্থিরতার প্রভাব এবার পড়েছে খেলার মাঠেও। দাপ্তরিক জটিলতা ও প্রয়োজনীয় কাগজপত্রে রেজিস্ট্রারের স্বাক্ষর না থাকায় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ববি ফুটবল দল।


বিজ্ঞাপন


আজ বুধবার (১৩ মে) সকাল ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ববির একটি হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রয়োজনীয় দাপ্তরিক অনুমোদন ও স্বাক্ষরের অভাবে ম্যাচে অংশ নিতে পারেনি দলটি।

‎জানা যায়, দীর্ঘ পথ পাড়ি দিয়ে চট্টগ্রামে পৌঁছানোর পরও প্রশাসনিক গাফিলতির কারণে খেলোয়াড়রা মাঠে নামার সুযোগ পাননি। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থী ও খেলোয়াড়রা।

‎২০২৪-২৫ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী রামিম খান বলেন, ‎“এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের মান-সম্মানের প্রশ্ন। আমরা খেলতে গিয়েছি অথচ আমাদের সঙ্গে কোনো অথরিটি বা ম্যানেজার পর্যন্ত ছিল না। অভিভাবকহীন অবস্থায় চরম অপদস্থ হতে হয়েছে। প্রশাসনের এমন ব্যর্থতা ও খামখেয়ালিপনা থেকে আমরা মুক্তি চাই।”

‎ফুটবল দলের অধিনায়ক রুবেল বলেন, ‎“দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায় আমরা রেজিস্ট্রারের স্বাক্ষর আনতে পারিনি। স্পোর্টস অফিসের প্রয়োজনীয় অনুমোদনও ছিল না। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় খেলতে রাজি হয়নি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তাদের সিদ্ধান্তকেই গুরুত্ব দিয়েছে।”

‎এ বিষয়ে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. আতিকুল হক ফরাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...