Logo Logo

হামে শিশু মৃত্যুতে ‘বিশ্বভরা প্রাণ’-এর শোক ও মানবিক সহায়তার ঘোষণা


Splash Image

দেশে হামের প্রাদুর্ভাবে শিশুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং আক্রান্তদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে মানবিক ও সামাজিক সংগঠন ‘বিশ্বভরা প্রাণ’।


বিজ্ঞাপন


বুধবার (১৩ মে) দুপুর ১টায় সিরাজগঞ্জের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এই সংহতি জানানো হয়।

“আর একটি প্রাণও না ঝরুক”—এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং অসহায় পরিবারগুলোর প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস বলেন, “সারা দেশে হামে আক্রান্ত হয়ে যে সংখ্যক শিশুর প্রাণহানি ঘটেছে, আমরা তাদের প্রতি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বর্তমানে যারা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের পাশে আমাদের সংগঠনের পক্ষ থেকে সামান্য সহযোগিতা পৌঁছে দিতে চাই।”

তিনি আরও বলেন, “সিরাজগঞ্জ জেলার প্রতিটি উপজেলাতেই আমরা সক্রিয়ভাবে কাজ করার পরিকল্পনা নিয়েছি। তবে এই সংকট মোকাবিলায় আমরা অন্যান্য সামাজিক সংগঠন ও বিত্তবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানাই। পাশাপাশি শিশুদের জীবন রক্ষায় অভিভাবকসহ সবাইকে সচেতন হওয়া জরুরি।”

সংগঠনের সদস্য ত্বোহা বলেন, “হাম বর্তমানে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে। আমরা নিহত শিশুদের আত্মার শান্তি কামনা করছি। আমাদের সংগঠন ‘বিশ্বভরা প্রাণ’ সীমিত সামর্থ্যের মধ্য দিয়েই আক্রান্ত শিশুদের চিকিৎসা ও আনুষঙ্গিক প্রয়োজনে পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবে।”

মানববন্ধনে সংগঠনের অন্যান্য সদস্যরাও বক্তব্য দেন। কর্মসূচি শেষে তারা স্থানীয় হাসপাতাল পরিদর্শনে যান এবং সেখানে চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিবেদক- মোঃ হাফিজ, সিরাজগঞ্জ।।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...