Logo Logo

বশেমুরবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন


Splash Image

শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ‘ভেটেরিনারি টিচিং হাসপাতাল’ উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নবনির্মিত হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, শিক্ষার্থীদের তাত্ত্বিক পাঠদানের পাশাপাশি হাতে-কলমে শিক্ষা নিশ্চিত করতে এই হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিতে আমরা পর্যায়ক্রমে এই হাসপাতালের আরও মানোন্নয়ন করব। এর ফলে শিক্ষার্থীরা সরাসরি চিকিৎসার বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা তাদের পেশাগত জীবনে সহায়ক হবে।

ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধনের পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটারিয়ার ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজেরও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, রেজিস্ট্রার মো. এনাউজ্জামান, আইকিউএসির পরিচালক ড. মো. বশির উদ্দীন, প্রক্টর ড. এস এম আহসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এই সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই হাসপাতাল চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ে পশু চিকিৎসায় ইতিবাচক প্রভাব পড়বে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...