Logo Logo

আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন নাহিদ রানা


Splash Image

বাংলাদেশের ক্রিকেটে নতুন এক গতির ঝড়ের নাম নাহিদ রানা। আর সেই ঝড়ের স্বীকৃতি মিলল এবার আন্তর্জাতিক মঞ্চেও। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ২০২৬ সালের এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরার এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে দেশের নাম উজ্জ্বল করলেন এই ডানহাতি গতিতারকা।


বিজ্ঞাপন


মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন নাহিদ। তবে এপ্রিলের নিউজিল্যান্ড সিরিজে তিনি ছিলেন আরও বিধ্বংসী। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে মোট ৮ উইকেট শিকার করে আইসিসির নজর কাড়েন তিনি। এই ধারাবাহিকতাই তাকে মাসসেরার দৌড়ে এগিয়ে দেয়।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলের পর এই প্রথম বাংলাদেশের কোনো পুরুষ ক্রিকেটার আইসিসির এই সম্মান পেলেন। সর্বশেষ এই পুরস্কার জিতেছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১ উইকেট নিলেও দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফেরেন নাহিদ রানা। পাওয়ার প্লে-তে কিউই ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করে একে একে তুলে নেন ৫ উইকেট। ৩২ রানে ৫ উইকেটের সেই বিধ্বংসী স্পেলে ১৯৮ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। চট্টগ্রামের শেষ ওয়ানডেতেও ২ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে মুখ্য ভূমিকা পালন করেন তিনি। সিরিজে তার গড় ছিল ১৬.৭৫ এবং ইকোনমি মাত্র ৪.৪৬।

পুরস্কার জয়ের পর এক প্রতিক্রিয়ায় নাহিদ রানা বলেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলে আইসিসির মাসসেরা হওয়া দারুণ অনুভূতির। দেশের মাটিতে এমন সাফল্য সিরিজটিকে আমার কাছে আজীবন স্মরণীয় করে রাখবে। দলের সবার সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ।’

অসাধারণ এই পারফরম্যান্সের জন্য সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে এই তরুণ পেসারের হাতে। তার এই সাফল্য বাংলাদেশের পেস বোলিং ইউনিটের জন্য এক নতুন বার্তা বহন করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...