Logo Logo

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।


বিজ্ঞাপন


চলমান প্রশাসনিক সংকট ও অস্থিরতার মধ্যে বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এই প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ (সংশোধিত) এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

নিয়োগের শর্তানুসারে, উপাচার্য হিসেবে প্রফেসর ড. মো. মামুন অর রশিদের মেয়াদের সময়সীমা হবে যোগদানের তারিখ হতে পরবর্তী ৪ (চার) বছর। তবে এর মধ্যে তাঁর অবসরের তারিখ চলে এলে সেই সময় পর্যন্তই তিনি দায়িত্ব পালন করবেন। তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় যে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলা প্রশাসনিক স্থবিরতা কাটাতে এবং শিক্ষা কার্যক্রম গতিশীল করতে নতুন এই উপাচার্যের নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে শিক্ষক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...