Logo Logo

প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট : ঝালকাঠিতে বালক-বালিকা উভয় বিভাগে রাজাপুর চ্যাম্পিয়ন


Splash Image

ঝালকাঠি জেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজাপুর উপজেলার দল।


বিজ্ঞাপন


বৃহষ্পতিবার (১৪ মে) বিকেলে ঝালকাঠি মিনি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রতিযোগিতার বিবরণী থেকে জানা গেছে, জেলার চার উপজেলার বিজয়ী দলগুলো জেলা পর্যায়ের এই চূড়ান্ত আসরে অংশগ্রহণের সুযোগ পায়। মোট ৪টি বালক ও ৪টি বালিকা দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে বালক বিভাগে রাজাপুর মডেল স্কুল ১-০ গোলে কাঁঠালিয়া মডেল স্কুলকে পরাজিত করে শিরোপা জয় করে।

অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে রাজাপুরের ২২নং সাংগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে কাঁঠালিয়া উপজেলার পশ্চিম শৌজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এই অভাবনীয় সাফল্যের পর রাজাপুর উপজেলার বালক ও বালিকা উভয় দলই বরিশাল বিভাগীয় পর্যায়ের খেলায় ঝালকাঠি জেলার প্রতিনিধিত্ব করবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এটি শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে তোলে। বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধের গ্রাস থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।"

তিনি আরও বলেন, প্রাথমিক স্তর থেকেই শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন, নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. শিরিন আক্তার এবং কাঁঠালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে. এম. জামানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...